ঢাকা, বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ২৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দর অপরিবর্তিত রেখে নভেম্বর মাসের নতুন মূল্যহার ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী ১ নভেম্বর থেকেও বর্তমানের নির্ধারিত দামেই বিক্রি হবে সব ধরনের জ্বালানি তেল।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বরের নির্ধারিত মূল্যহারই আগামী নভেম্বর মাসজুড়ে বলবৎ থাকবে। 

ফলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছিল।

খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও মার্চ থেকে আগস্ট পর্যন্ত সরকার মূল্য বাড়ায়নি, যার ফলে বিপিসি’র প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকারও বেশি লোকসান হয়।

পরবর্তীতে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি সচল রাখতে এবং জ্বালানি তেল পাচার রোধে গত মাসে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা আগামী মাসেও একই থাকছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি